রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা ভুল ছিল: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখা তাদের অন্যতম ভুল ছিল। তিনি অভিযোগ করেন, অনেক জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা প্রকাশ্যে এক ধরনের অবস্থান নিলেও পরে তা থেকে সরে গিয়ে প্রতারণা করেছেন।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এবি পার্টি আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

১৬ মাস দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। একই সঙ্গে সরকারও প্রয়োজনীয় সাহসী সংস্কারমূলক পদক্ষেপ নিতে পারেনি।

নিজেদের অভিজ্ঞতার ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররাজনীতির অভিজ্ঞতা থাকলেও জাতীয় রাজনীতির বাস্তবতা সম্পর্কে তাদের ধারণা সীমিত ছিল। তাঁর ভাষায়, ‘আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকেরাও যে মুখে এক কথা বলে, পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথমে বুঝতে পারিনি। অনেক ক্ষেত্রেই তাদের ওপর ভরসা করেছিলাম। এটি আমাদের জন্য বড় শিক্ষা।’

তিনি আরও বলেন, সরকারের অংশ হিসেবে আত্মসমালোচনারও সুযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে অসংখ্য আন্দোলন হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে অনেক উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে।

রাষ্ট্রপতি পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকার কোনো উদ্যোগ নিলেই কোনো না কোনো রাজনৈতিক দল আপত্তি জানিয়ে তা বাস্তবায়নে বাধা সৃষ্টি করত। তাঁর মতে, অন্তর্বর্তী সরকারের আরও কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল।

সংলাপে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, শক্তি প্রয়োগ করে সমালোচনার কণ্ঠরোধের চেষ্টা সরকারের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে।

আলোচনায় অংশ নিয়ে ফরহাদ মজহার বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটাতে হলে রাষ্ট্রীয় কাঠামো নিয়ে মৌলিক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। শারমিন এস. মুরশিদ বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনাকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে এবং দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা দূর না হলে কোনো সরকারই কাঙ্ক্ষিত সাফল্য পাবে না।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ হিসেবে উপস্থাপনের চেষ্টা একটি পরিকল্পিত বয়ানের অংশ। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটলেও রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত