মবের অপসংস্কৃতি রোধে সরকার সতর্ক রয়েছে এবং পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চোরাচালান ঠেকাতে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী এলাকায় অপরাধের মাত্রা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাদকের বিস্তার রোধে বিদ্যমান আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
এর আগে মন্ত্রীর উপস্থিতিতে বিজিবির সিলেট সেক্টরের কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় একটি স্থিরচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।
সফরসূচি অনুযায়ী, পরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
এ ছাড়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেও উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।