ভোলায় আর কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, দল-মত নির্বিশেষে ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভোলায় পৌঁছে শহরের নতুন বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলার জন্য বরাদ্দ করা সব উন্নয়নকাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। জিআর ও টিআরের আওতায় নেওয়া কাজগুলো স্থানীয়ভাবে জনগণই বুঝে নেবেন বলেও জানান তিনি।
ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি উল্লেখ করে মন্ত্রী বলেন, সেতুটি বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে ভোলার সার্বিক উন্নয়নে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে পার্থ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। এই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সরকারকে কাজ করতে হচ্ছে।
এর আগে সড়কপথে বরিশালের লাহারহাট হয়ে নৌপথে ভোলার খেয়াঘাটে পৌঁছান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সেখানে জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন ও সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিন দিনের সরকারি সফরে ভোলায় গিয়ে মন্ত্রী বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।