বিদেশে এক টাকাও পেলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা আসিফ মাহমুদের

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের বাইরে তার এক টাকাও পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা অর্থপাচার ও বিদেশে সম্পদ থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক লাইভে আসিফ মাহমুদ বলেন, চার দেশে তার ১১ হাজার কোটি টাকা রয়েছে—এমন অভিযোগের সত্যতা কেউ প্রমাণ করতে পারলে তিনি সেদিনই রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

তিনি বলেন, দেশের বাইরে তার কোনো বিনিয়োগ বা সম্পদ রয়েছে—এমনকি সামান্য কোনো সম্পদও তিনি কিনেছেন, সেটি প্রমাণ করে দেখানোর আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের বাইরে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের সুযোগের চেয়ে প্রয়োজনে দীর্ঘ সময় কারাভোগ করাকেই তিনি বেছে নেবেন। তার ভাষ্য, জাতীয়তাবোধের কারণে দেশের প্রতি তার দায়বদ্ধতা অত্যন্ত দৃঢ়।

তিনি অভিযোগ করেন, কোনো ব্যক্তিকে ঘিরে নেতিবাচক প্রচারণা বা তাকে হেয় করার জন্য অনেক সময় প্রমাণের প্রয়োজন মনে করা হয় না। এ ধরনের বয়ান তৈরির প্রবণতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

সরকার ও ক্ষমতাসীনদের কর্মকাণ্ডও প্রশ্নের বাইরে রাখা উচিত নয় বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি জনগণকে সতর্ক ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে সবকিছু দেখার আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, যারা ক্ষমতায় রয়েছেন, তাদের বক্তব্য বা কর্মকাণ্ডকে প্রশ্নহীনভাবে বিশ্বাস করার সুযোগ নেই। একই সঙ্গে গণমাধ্যমের প্রকাশিত তথ্যও সমালোচনামূলকভাবে যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগে পরিবারের সদস্যদের নাম আসার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, একটি অভিযোগে তার দুই ভগ্নিপতি ও এক ভাগ্নের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। তবে তার দাবি, তার বড় বোনই একমাত্র বিবাহিত এবং তার একজনই ভগ্নিপতি রয়েছেন।

তিনি আরও বলেন, তার ভাগ্নের বয়স আড়াই থেকে তিন বছরের মধ্যে। এত অল্প বয়সী একটি শিশুকেও অর্থপাচারের অভিযোগের সঙ্গে জড়ানো হয়েছে বলে দাবি করে বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

পরিবারের সদস্যদেরও এসব অভিযোগের কারণে ভুক্তভোগী হতে হচ্ছে বলে দাবি করেন আসিফ মাহমুদ।

এলাকার খবর

সম্পর্কিত