বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়, রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হতে পারে
ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক আজ শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এটি স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তেল-গ্যাসের দামসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে বৈঠকে আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এ বিষয়ে আগে থেকে কিছু বলা সম্ভব নয়।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় ভবিষ্যতে কে এ পদে দায়িত্ব নিতে পারেন, সে বিষয়ে আলোচনা হওয়া স্বাভাবিক।
তবে তিনি বলেন, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই।