পরবর্তী সংসদ অধিবেশনেই আসছে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গুম প্রতিরোধ ও প্রতিকার-সংক্রান্ত আইন আগামী জাতীয় সংসদের অধিবেশনেই উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনটির খসড়া প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে মধ্যস্থতা এবং দেওয়ানি মামলা পরিচালনা পদ্ধতির উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘আইন পেশাজীবীদের জন্য মৌলিক মধ্যস্থতা প্রশিক্ষণ কর্মসূচির’ সমাপনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের যাচাই-বাছাই, অংশীজনদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ এবং সচিব কমিটির সভা সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সরকার ঘোষণা দিয়েছিল যে আইনটি আরও পর্যালোচনা ও পরিমার্জনের পর সংসদে উপস্থাপন করা হবে। সেই অনুযায়ী বিভিন্ন পর্যায়ে মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে।

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি সংশ্লিষ্ট রাষ্ট্র তাদের নিজস্ব আইন ও নীতিমালার আলোকে বিবেচনা করবে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন সাইবার আইন প্রসঙ্গে তিনি বলেন, সরকার এমন একটি আধুনিক ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের লক্ষ্যে কাজ করছে, যাতে সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা সংরক্ষিত থাকে এবং একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তির অপব্যবহার, ভুয়া তথ্য প্রচার, মানহানি এবং সাইবার অপরাধ কার্যকরভাবে মোকাবিলা করা যায়।

তিনি আরও বলেন, সাইবার আইন প্রণয়নের ক্ষেত্রে সরকার তাড়াহুড়ো করতে চায় না। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শের পরই আইনটি চূড়ান্ত করা হবে। সরকারের লক্ষ্য নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে কার্যকর আইনি সুরক্ষা নিশ্চিত করা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত