বাইসাইকেল কাণ্ডে জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতনিকে উপহার দেওয়ার ঘটনায় উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামকে দলীয় পদ থেকে সাময়িক অপসারণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে কোটচাঁদপুর আল-ফালাহ ইসলামী সেন্টারে অনুষ্ঠিত রোকন সম্মেলনে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হিসেবে শিক্ষক আজিজুর রহমানকে ভারপ্রাপ্ত উপজেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের যুব মিডিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. শরিফুল ইসলাম।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ২৪টি বাইসাইকেলসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করে। অভিযোগ ওঠে, একটি মাদ্রাসাছাত্রের নামে বরাদ্দ থাকা বাইসাইকেল নিজেই স্বাক্ষর করে গ্রহণ করেন তাজুল ইসলাম এবং পরে সেটি তাঁর নাতনিকে উপহার দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমানের নির্দেশে তাজুল ইসলাম বাইসাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেন। পরবর্তীতে সেটি প্রকৃত উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।

বিতর্কের জেরে এবার দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হলো। জামায়াতের পক্ষ থেকে তাজুল ইসলামকে সাময়িকভাবে উপজেলা আমিরের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে এবং নতুন ভারপ্রাপ্ত দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত