‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কড়া মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দলটি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। একই সঙ্গে তিনি জানান, খুব শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হবে।

শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় এখনও সংশ্লিষ্টদের কোনো অনুশোচনা নেই। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদেশে অবস্থান করেও বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা রক্ষা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আন্দোলনের সময় তিনি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বাইরে অবস্থান করলেও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি রাজনৈতিক ও নৈতিক সমর্থন ছিল। বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক শক্তিকে একত্রিত করার প্রচেষ্টাও সে সময় অব্যাহত ছিল বলে উল্লেখ করেন তিনি।

জুলাই আন্দোলনের চেতনাকে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো আদর্শ বা চেতনাকে ব্যবসার উপকরণে পরিণত করা উচিত নয়। তাঁর ভাষায়, অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে—চেতনা নিয়ে রাজনীতি বা ব্যবসা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনে না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। তাই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্মরণসভায় জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত