পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানিতে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদহার এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা।
বুধবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠকে বিজিএমইএ নেতারা জানান, দেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী সরাসরি যুক্ত। এ খাতে প্রায় তিন হাজার উদ্যোক্তা রয়েছেন। অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ শিল্প বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে।
বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, বর্তমান রপ্তানি আয় থেকে ভবিষ্যতে তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সুযোগ রয়েছে। তবে এ লক্ষ্য অর্জনে উৎপাদন খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। জ্বালানি সংকটের কারণে বর্তমানে উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও তারা জানান।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বৈঠকে তৈরি পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে শিল্পের সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি বিরোধী দলের কাছ থেকেও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন ব্যবসায়ীরা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের অবদান, বর্তমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নিতে এ মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। জ্বালানি সংকটসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। প্রয়োজনে জামায়াত বিশেষজ্ঞদের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
সভায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিশেষ গুরুত্ব পায়। ব্যবসায়ীরা শিল্পের বিকাশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এ সময় জামায়াত নেতারা সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করার প্রস্তুতির কথা জানান।
সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, নূরুল ইসলাম বুলবুল ও শফিকুল ইসলাম মাসুদসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।
বিজিএমইএর পক্ষ থেকে প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সহ-সভাপতি রেজওয়ান সেলিম, মিজানুর রহমান, বিদিয়া অমৃত খান, শেহাব উদ্দুজা চৌধুরী, মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক ফাহিমা আখতার, মজুমদার আরিফুর রহমান ও আনোয়ার হোসেন চৌধুরীসহ সংগঠনের নেতারা বৈঠকে অংশ নেন।