ভারতে অবস্থানরত পলাতক ও আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা যেন বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে না পারেন, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ সুসংহত করার বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নেওয়ার বিষয়ে উভয়পক্ষ গুরুত্বারোপ করে।
এ ছাড়া বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও মতবিনিময় করেন তারা।
তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও বৈঠকে মত প্রকাশ করা হয়।
বৈঠকে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।