পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। এতে জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
একটি প্রজ্ঞাপনে পাঁচ ডিআইজিকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
এ ছাড়া এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মেট্রোরেল শাখার ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. সরদার নুরুল আমিনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে এবং সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়নের এসব আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।