সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই আন্দোলন এখন আদর্শিক অবস্থান অনুযায়ী বিভক্ত হয়েছে। তাঁর ভাষায়, ডানপন্থি ও অ-ডানপন্থি—দুটি পৃথক ধারার সংগঠন গড়ে উঠেছে এবং উভয় ধারার সংগঠনে বিপরীত মতাদর্শের মানুষের জায়গা নেই।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, “জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থিদের জুলাই সংগঠনে ডানপন্থিরা জায়গা পাবেন না।”
তিনি আরও লেখেন, “এটাই জুলাই বন্দোবস্ত। ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।”
মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের একজন হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত বছরের ১০ ডিসেম্বর তিনি এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।