নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকে নিয়ে পাটওয়ারীর বক্তব্যের নিন্দা জানিয়ে তাকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

শনিবার বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি চাষাঢ়া ও নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, এনসিপির নেতারা বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছেন। তারা দাবি করেন, ৫ আগস্টের পর থেকে ভয়ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছেন এনসিপির কিছু নেতা।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। মিথ্যাচার বা কটূক্তির মাধ্যমে তারেক রহমান কিংবা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা সম্ভব নয়।

তারা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, ভবিষ্যতে তিনি জেলায় এলে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে দেশের নেতৃত্ব দিচ্ছেন এবং কোটি মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁকে নিয়ে কটূক্তি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এনসিপির নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, চাঁদাবাজি ও নাটকের রাজনীতি পরিহার করে দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য আওলাদ হোসেন, অ্যাডভোকেট রফিক আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানাসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত