রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা–কর্মীসহ মোট ৬৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটক হওয়া আওয়ামী লীগের তিন নেতা–কর্মীর মধ্যে একজনকে মোহাম্মদপুর, একজনকে মিরপুর এবং একজনকে বনানী এলাকা থেকে আটক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, ডাকাতি, ছিনতাই ও দস্যুতা-সংশ্লিষ্ট অভিযোগে ১৩ জন এবং মাদক কারবারের অভিযোগে ৩৯ জন রয়েছেন।
এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও সাতজনকে আটক করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক-সংশ্লিষ্ট অভিযোগে এবং একজন ডাকাতি, দস্যুতা ও ছিনতাই মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।