জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন নাহিদের নেতৃত্বে এনসিপি নেতারা
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার সকাল ৯টার দিকে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তারা জাদুঘরে যান।
এ সময় এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর তাঁরা জোর দেন।
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব এনসিপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে তিনি দলের নেতাদের জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত বিষয় সম্পর্কে তাঁদের অবহিত করেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।