সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
প্রান্তিক কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে জন্য সারাদেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ লক্ষ্যে ব্যবসায়িক সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কৃষক যেন তাঁর উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে বাজারব্যবস্থায় কার্যকর নজরদারি প্রয়োজন। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করবে।
এ সময় মজুদদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই অবৈধভাবে পণ্য মজুদ না করার জন্য তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।
মন্ত্রী বলেন, ‘মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুদ কইরেন।’