জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে সঙ্গে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের যেকোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অপরিহার্য। তবে দুঃখজনকভাবে বর্তমান বিরোধী দল অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের ভাষা ও অবস্থান অনুসরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং জনগণ গণতান্ত্রিক সরকার নির্বাচনের সুযোগ পায়।

তিনি বলেন, জুলাই সনদে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ। সংবিধান সংস্কারসহ যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। রাষ্ট্র সংস্কারের কাজ অবশ্যই সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হবে বলে জানান তিনি।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি অতীতেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে ভূমিকা রেখেছে এবং এবারও রাষ্ট্র মেরামতের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে। একই সঙ্গে সংসদে জুলাই সংশোধনী কমিটি গঠন করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারকে প্রতিশ্রুত সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেওয়া উচিত। মাত্র কয়েক মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়; তাই গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত