গুমের বিচার এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের নেতা-কর্মীরা।
রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে পথসভা করে ১১-দলীয় জোট। পরে বিকেল ৪টার দিকে সেখান থেকে পদযাত্রা শুরু করে জোটের নেতা-কর্মীরা। পদযাত্রা শেষে তারা সংসদ ভবনের সামনে এসে অবস্থান নেন।
কর্মসূচিকে কেন্দ্র করে কারওয়ান বাজার, ফার্মগেট ও সংসদ ভবন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এসব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পদযাত্রায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১-দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের শীর্ষ নেতারা অংশ নেন।
এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এর আগে বাংলামোটরে অনুষ্ঠিত পথসভায় ১১-দলীয় ঐক্যজোটের কর্মসূচির প্রতি সংহতি জানান সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। তিনি জানান, পদযাত্রাটি সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে।
হামিদুর রহমান আযাদ আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে জোটের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেবে।