ঠাকুরগাঁও-১সহ ১১ আসনের সীমানা পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নবগঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের আওতায় আনতে এ সংশোধন করা হয়েছে।

রোববার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা গেজেট থেকে এ তথ্য জানা গেছে।

সংশোধিত ১১টি সংসদীয় আসন হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও সদর উপজেলার পাশাপাশি রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা বিভক্ত করে নতুন এ দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে নিকার সভায় এগুলোর অনুমোদন দেওয়া হয়।

বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার সঙ্গে নতুন গঠিত মোকামতলা উপজেলাকে যুক্ত করা হয়েছে। একইভাবে ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে দক্ষিণ গফরগাঁও উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার সভায় দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন পায়।

পিরোজপুর-১ আসনে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলা রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ যুক্ত করা হয়েছে। অন্যদিকে এই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে।

বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে বরিশাল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে নতুন ইউনিয়নটির অনুমোদন দেওয়া হয়।

কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে নবগঠিত বাঙ্গরা উপজেলা যুক্ত হয়েছে। এ উপজেলাটিও গত জুলাই মাসে নিকার সভায় অনুমোদন পায়।

এ ছাড়া চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কক্সবাজার-১ আসনে নবগঠিত মাতারমুহুরি উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদ গঠনের পর প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংসদীয় আসনের সীমানা সামঞ্জস্য করতেই এসব সংশোধন আনা হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত