ক্ষমতাশালী হলেও অপরাধীদের আইনের আওতায় আনতে হবে: রিজভী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা চিহ্নিত করে তা উপড়ে ফেলার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাবান হোক, তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রংপুরে একটি শিক্ষক পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন রিজভী। একই সঙ্গে মাদকসেবী ও অপরাধী চক্রের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, দেশের মানুষ শান্তিতে জীবনযাপন করতে চায়। কোনো মাদকসেবী কিংবা অপরাধী সিন্ডিকেট যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সময়ের স্বৈরাচার ও ফ্যাসিবাদের অবসান ঘটেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ে সেই জবাবদিহির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায় ও মানবিকতার আদর্শ অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, তাঁর দেখানো পথ অনুসরণ করেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও পূর্ণাঙ্গ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দলের চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত