প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। একই সঙ্গে তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে। অন্যথায় দলের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন সালাউদ্দিন তানভীর। হবিগঞ্জসহ সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি ওই পোস্ট দেন। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এটি এনসিপি থেকে তাঁর দ্বিতীয় দফা সাময়িক অব্যাহতি। ২০২৫ সালে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাঁকে প্রথমবার দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০২৬ সালের ১৬ এপ্রিল তাঁকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়।
দলে ফেরার প্রায় সাড়ে তিন মাসের মাথায় নতুন বিতর্কের জেরে আবারও সাংগঠনিক দায়িত্ব হারালেন সালাউদ্দিন তানভীর।
এদিকে দলীয় সিদ্ধান্ত প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।