তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে জামায়াত আমিরের আগাম অভিনন্দন

সহযাত্রী ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় পৌঁছান তিনি। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে রাত ৮টার দিকে তারেক রহমান সেখান থেকে বের হন।

ফেসবুক পোস্ট ও আগাম অভিনন্দন সাক্ষাতের পর জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে।”

সহিংসতা রোধে আশ্বাস ডা. শফিকুর রহমান জানান, আলোচনায় তারেক রহমান তাকে আশ্বস্ত করেছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। জামায়াত আমির এই আশ্বাসকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়।”

সরকারকে সহযোগিতা ও বিরোধী দলের ভূমিকা জামায়াত আমির স্পষ্ট করেন, জাতীয় স্বার্থের বিষয়ে তারা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা আপসহীন থাকবেন। তিনি বলেন, “সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহির প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকব। আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সাথে মিলে একটি ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

উপস্থিত নেতৃবৃন্দ সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এলাকার খবর

সম্পর্কিত