৬৬৬ কোটি টাকা কর দিতে হবে গ্রামীণ কল্যাণকে, হাইকোর্টের রুল খারিজ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

রায়ের পর গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এনবিআরের করা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ হাইকোর্টে আবেদন করেছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সেই রুল খারিজ করেছেন। ফলে এনবিআরের কর দাবিই বহাল থাকল।

খাজা তানভীর জানান, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার বিষয়ে তাঁরা চিন্তাভাবনা করছেন। মক্কেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, তিন বছরের মধ্যে ওই অর্থ পরিশোধ করতে হবে। তবে ঠিক কবে নাগাদ অর্থ পরিশোধ করতে হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

এনবিআরের করা ৬৬৬ কোটি টাকার কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ।

এলাকার খবর

সম্পর্কিত