চোরাচালান রোধে স্ক্যানার-এক্স-রে মেশিন বসানোর পরিকল্পনা

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাচালানের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান আরও জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরগুলো, মোংলা নৌবন্দর এবং বিভিন্ন বাস টার্মিনালে স্ক্যানার ও এক্স-রে মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে মেহেরপুর-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডগ স্কোয়াড, ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার সিকিউরিটি ইউনিটের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে সার্কেল স্থাপনের লক্ষ্যে এরই মধ্যে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে অফিস ভবন নির্মাণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে অতিরিক্ত যানবাহন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক সরঞ্জাম কেনা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে রাসায়নিক পরীক্ষাগার বা কেমিক্যাল টেস্টিং ল্যাব স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে।

তিনি আরও জানান, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে মেহেরপুর-১ আসনের সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল, যানবাহন এবং প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম আনুপাতিক হারে বাড়ানো হবে।

এলাকার খবর

সম্পর্কিত