৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগের এখন এমন কোনো শক্তি নেই যে তারা বড় ধরনের নাশকতা ঘটাতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে না। সেই শক্তিও এই দলটির এখন আর নেই।”
তিনি আরও বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তারা মাঝে মধ্যে বিদেশ থেকে কিছু বক্তব্য দিতে পারে, তবে এর বেশি কিছু করার সক্ষমতা তাদের নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ আগস্টের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিএনপির আয়োজিত একটি সভায় যুগপৎ আন্দোলনের শরিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
পুলিশের সতর্ক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য সবসময়ই কিছু নিয়মিত নিরাপত্তা নির্দেশনা থাকে। যেমন—কোনো যানবাহন অরক্ষিত না রাখা, পুরো টিম একসঙ্গে দায়িত্বস্থল ত্যাগ না করা কিংবা সবাই একসঙ্গে বিশ্রামে না যাওয়া। এগুলো নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ, বিশেষ কোনো গোয়েন্দা সতর্কতার কারণে নয়।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনি ও কূটনৈতিক উভয় পর্যায়ে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি আইনজীবী প্রতিষ্ঠানকে আদালতের প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং তাঁর জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, বেনজীর আহমেদের বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্রও প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে তাঁর একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে কি না, সেটিও সরকারের বিবেচনায় রয়েছে।
সম্প্রতি মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে এবং আশুলিয়ায় উদ্ধার হওয়া বিস্ফোরক সদৃশ বস্তু সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। তাঁর মতে, এগুলোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়ে থাকতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষায়িত ইউনিটগুলো এ ধরনের তৎপরতা প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে।
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, সার্জিও গোর প্রকাশ্য বিবৃতিতেই প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।