সিসিইউতে বিদ্যুৎমন্ত্রী, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যান। তাঁর আগের চিকিৎসা-ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। এর আগে ব্যাংককে তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট বসানো হয়েছিল।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রক্তের বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন এবং বুকের এক্স-রে পর্যালোচনা করা হয়েছে। এতে ফুসফুসে নিউমোনিয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা।

পরে বুধবার সকাল ৯টার দিকে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নতুন করে আরেকটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে।

হাসপাতালের বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁর শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে আরও কিছুদিন হাসপাতালে রাখা প্রয়োজন বলে মত দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

এলাকার খবর

সম্পর্কিত