দেশের ৪১টি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অপর আসামি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে মামলার বিষয়টি জানান দুদক সচিব সাইদুর রহমান খান।
দুদক সচিব বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর অনুকূলে তহবিল সংগ্রহের মাধ্যমে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতিসাধন এবং ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, এসব অর্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর অনুকূলে সংগ্রহ করা হয়। পরে অর্থ সংগ্রহ ও ব্যবহারের প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলাটির মাধ্যমে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং অর্থের ব্যবহারসহ বিভিন্ন বিষয় তদন্ত করবে দুদক।