সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষা ও গবেষণায় জোর: শিক্ষামন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী দেশের অন্যতম বড় সম্পদ। এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পাশাপাশি সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনাও কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে শিক্ষা ও গবেষণার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে আয়োজিত দ্বিতীয় চীন-বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এই বিশাল সামুদ্রিক এলাকায় থাকা সম্পদ ও সম্ভাবনা নিয়ে আরও ব্যাপকভাবে শিক্ষা ও গবেষণা প্রয়োজন। সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) ও সার্কুলার ইকোনমিকে গুরুত্ব দিয়ে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যৎ অর্থনীতিতে সুনীল অর্থনীতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি খাত হয়ে উঠতে পারে। সমুদ্রসীমায় থাকা বিপুল সম্পদকে অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগাতে শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সুনীল অর্থনীতি নিয়ে চীনের গবেষক ও অধ্যাপকেরাও কাজ করছেন। ফলে এ খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান ও গবেষণা বিনিময়ের বড় সুযোগ রয়েছে। একই সঙ্গে সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষা খাতে বিনিয়োগের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) খাতেও বিনিয়োগ বাড়ানো জরুরি। সম্প্রতি চীন সফরে দেশটির শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গড়ে ওঠা কার্যকর সংযোগ দেখেছেন বলেও জানান তিনি। বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ওই অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদার করা সম্ভব। বিশেষ করে সুনীল অর্থনীতি, গবেষণা, শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে।

সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ চীনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত