মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানালেন ইরানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: শহিদুল আলম
ছবি: শহিদুল আলম

সাম্রাজ্যবাদী শক্তির মোকাবিলায় বাংলাদেশ, ইরানসহ বিশ্বের সব মুসলিম দেশকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ইনসাফ গার্ড আয়োজিত ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. জলিল রাহিমী জাহানাবাদী বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির দর্শন মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সাম্রাজ্যবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও ইরানসহ সব মুসলিম রাষ্ট্রকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, মুসলিম উম্মাহকে সব ধরনের বিভেদ ও মতপার্থক্য ভুলে একটি পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান বলেন, মুসলিম উম্মাহর অস্তিত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি জোরদারের আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, আজাদ পার্টির আহ্বায়ক কর্নেল (অব.) হাসিনুর রহমান এবং ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরসহ অন্যান্য অতিথিরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত