ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দীর্ঘমেয়াদি ও বহুমাত্রিক ক্ষতির দিক থেকে মাদক দেশের সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, মাদক প্রতিরোধে শুধু সচেতনতা নয়, এর চাহিদা ও সরবরাহ—উভয় দিকই নির্মূল করতে হবে।
শুক্রবার বরিশালের চরমোনাই ইউনিয়নে আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সুধী সেমিনার ও আলোচনা সভা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, বাংলাদেশের জনমিতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের সুযোগ ছিল। তবে অতীতের সরকারগুলো কার্যকর পদক্ষেপ না নিয়ে মাদক বিস্তারে প্রশ্রয় দেওয়ায় দেশের জনসম্পদের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, “আমরা মাদকের চাহিদা কমাতে কাজ করতে পারি, কিন্তু সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।”
চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে তিনি চরমোনাই ইউনিয়নসহ সারা দেশকে মাদকমুক্ত করতে রাজনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মুহাম্মাদ বেলাল হুসাইন এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।