প্রিয়াঙ্কা-নিকের প্রেমের শুরু, প্রকাশ পেল প্রথম বার্তার স্ক্রিনশট

বিনোদন ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: কোলাজ
ছবি: কোলাজ

হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং গায়ক-অভিনেতা নিক জোনাসের প্রেমের গল্প নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি সেই গল্পের একেবারে শুরুটা প্রকাশ করেছেন নিক জোনাস। ২০১৬ সালে এক্স (তৎকালীন টুইটার)-এ প্রিয়াঙ্কাকে পাঠানো তাঁর প্রথম ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট প্রকাশ করেছেন এই তারকা দম্পতি।

জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘Hey Jonas!’–এ অতিথি হয়ে নিক জানান, তাঁর ভাই কেভিন জোনাসের পরামর্শেই প্রথম প্রিয়াঙ্কার প্রতি আগ্রহ তৈরি হয়। কেভিন তাঁকে প্রিয়াঙ্কার হলিউড সিরিজ Quantico দেখার কথা বলেছিলেন। পরে সানসেট বুলেভার্ডে সিরিজটির বিলবোর্ড দেখে নিক এক্সে গিয়ে দেখেন, প্রিয়াঙ্কা তাঁকে ফলো করছেন। এরপরই তিনি পাঠান প্রথম বার্তা।

নিকের সেই বার্তায় লেখা ছিল,
“হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাঁদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?”

জবাবে প্রিয়াঙ্কা লিখেছিলেন,
“হাই... গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। ওটা আরও ব্যক্তিগত হবে। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।”

পডকাস্টে প্রিয়াঙ্কা জানান, নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনিই সত্যিই বার্তার উত্তর দিচ্ছেন। তাই তিনি ক্যামেরার দিকে তাকিয়ে তোলা একটি টাইমস্ট্যাম্পযুক্ত ছবি চেয়েছিলেন। প্রিয়াঙ্কার ভাষায়, সেই বুদ্ধিদীপ্ত উদ্যোগ তাঁর বেশ ভালো লেগেছিল।

এরপর নিয়মিত টেক্সট মেসেজে যোগাযোগ চলতে থাকে। প্রায় দেড় বছর পর তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০১৮ সালে গ্রিসে ছুটি কাটাতে গিয়ে নিক প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন। একই বছরের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিষ্টান—দুই ধর্মীয় রীতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

আড্ডায় আরও একটি মজার তথ্য শেয়ার করেন প্রিয়াঙ্কা। তাঁর দাবি, বলিউডের গসিপ সম্পর্কে তিনি যতটা না জানেন, নিক তার চেয়েও বেশি খোঁজ রাখেন। নিকও স্বীকার করেন, তিনি গোপনে কয়েকটি বিনোদনভিত্তিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করেন, যেখানে বলিউডের নানা খবর ও গুঞ্জনের আপডেট পাওয়া যায়।

বর্তমানে এই তারকা দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে সুখী পারিবারিক জীবন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা ও নিক।

তথ্যসূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত