রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মনোনয়নপত্রে প্রার্থীর স্বাক্ষরের পাশাপাশি প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা ও স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে এর আগে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। উভয় মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থক হিসেবে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
এরপর দুপুর ২টা ২৩ মিনিটের দিকে মির্জা ফখরুলের মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও হাবিবুন নবী খান সোহেলসহ নেতারা ছিলেন।
এ ছাড়া হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন নিজানও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় দলটির অবস্থান আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলো।