বিদ্যালয়ে মদপানের ঘটনায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে মদপান ও অসংলগ্ন আচরণের অভিযোগে প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধাও স্থগিত রাখা হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রধান শিক্ষককে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী এ ধরনের আচরণ গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও অসদাচরণের শামিল। তাই বিধিমালা অনুযায়ী তাঁকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত এবং এমপিও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে প্রধান শিক্ষক বরখাস্ত হওয়ায় রোববার থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে শনিবার বিদ্যালয়ের সভাপতি ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের নিজ কক্ষে বসে প্রধান শিক্ষক রুহুল আমিন মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ করছেন। পরে পরিবারের সদস্যরা এসে তাঁকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান।

ঘটনার পর বিষয়টি তদন্তে আসে এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন। এরপর মাউশি তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্ত ও এমপিও স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত