বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে নিহত বা গুরুতর আহত সদস্যদের পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন। বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে নিহত বা গুরুতর আহত মোট ৭০টি পরিবারের জন্য এসব বরাদ্দ দেওয়া হয়েছে।
আইএসপিআর জানায়, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএসে দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ৭০টি পরিবারের কাছে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় দেশের সেবায় প্রাণ উৎসর্গকারী এবং দায়িত্ব পালনকালে গুরুতর আহত সামরিক সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।