জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের বাস ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকারি হিসাবে ভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, ভাড়া সমন্বয়ের বিষয়ে বাস মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে চুক্তি করবেন। এ বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে সোমবার বাস মালিকদের সংগঠনগুলো দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাব অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৭৩ পয়সা হওয়ার কথা ছিল।
রোববার সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ায়। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়।