বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবনের উদ্বোধন করলেন সেনাপ্রধান

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি গুরুত্বপূর্ণ ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (৩০ আগস্ট) মিরপুর সেনানিবাসে প্রধান অতিথি হিসেবে তিনি ভবন তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে।

নবনির্মিত ভবন তিনটি হলো—ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভবনগুলোর উদ্বোধন শেষে সেনাপ্রধান একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিইউপির পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন।

অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় বিইউপির স্বাধীনতা মিলনায়তনে। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

বক্তব্যে তিনি শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসারে বিইউপির অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণার পরিধি সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিইউপির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন উপাচার্য।

অনুষ্ঠানে উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের লেখা ‘Educating Minds; Awakening Conscience’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান। পরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু একাডেমিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ তৈরি করাও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে বিইউপির ভূমিকার প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিইউপির পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিন ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিইউপির সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত