বাংলাদেশ আর কারও কাছে মাথা নত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: Video
ছবি: Video

বাংলাদেশ আর কখনো কোনো দেশের কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করে বর্তমান সরকার একটি স্বাবলম্বী ও দৃঢ় পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বৈদেশিক মিশনগুলোর সার্বিক কার্যক্রম ও মূল্যায়ন নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী ও সফল পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এই নীতির ভিত্তিতে দেশের পররাষ্ট্র সম্পর্ককে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া হবে।

বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর কার্যক্রম ও শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, নতুন শ্রমবাজার অনুসন্ধান, শ্রমিক পাঠানো এবং বাণিজ্য সম্প্রসারণে সফল মিশনগুলোকে পুরস্কৃত করার কোনো বিশেষ ব্যবস্থা বর্তমানে রয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে।

খলিলুর রহমান দাবি করেন, গত ১৫ বছরে দেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রমে কার্যকর তদারকি ও জবাবদিহিতার ঘাটতি ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

দূতাবাসগুলোর দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে প্রতিটি মিশনের কার্যক্রম মূল্যায়নের জন্য ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর’ বা কেপিআই ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ভবিষ্যতে এই মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাসের কার্যক্রমের মান ও গ্রেডিং নির্ধারণ করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত