প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও একইভাবে জনবান্ধব ব্যক্তি।’
ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের দুই নেতার মধ্যে আলোচনা হলে অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাঁর ভাষায়, ‘সমাধান তখনই সম্ভব যখন কথাবার্তা চালু থাকে।’
বাংলাদেশ-ভারতের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আশাবাদ প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমার তো পুরো বিশ্বাস যে উভয় দেশের মানুষ এক আছে। তাই যেকোনো সমস্যার সমাধান বের হবেই। এখানটায় কোনো নেতিবাচক কিছু নেই, সবকিছুই অত্যন্ত ইতিবাচক।’
প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।