আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দেশে প্রথমবারের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় নির্বাচিত তিনটি গ্রামের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেসব খাত পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।
এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তারেক রহমান বলেন, কোনো একটি মন্ত্রণালয় বা বিভাগের একার পক্ষে এ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন খাতে সমন্বিতভাবে কাজ করছে। আগামীর বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, উন্নত ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।