পুলিশে পদায়ন নিয়ে একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। তবে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাকে সংযুক্ত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
প্রজ্ঞাপনটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন মো. রেজাউল করিম। তিনি লেখেন, ‘আমি সংযুক্ত : আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই।’
স্ট্যাটাসে তিনি আরও বলেন, পুলিশের কর্মকর্তাদের ভালো কাজ করতে উৎসাহিত না করার এটি আরেকটি উদাহরণ। গত ১৫ বছরের চাকরিজীবনে প্রায় ৯ বছর ‘ডাম্পিং পোস্টিংয়ে’ ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
রেজাউল করিম লেখেন, ‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না।’
তিনি আরও দাবি করেন, শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেও এমন ফল পেতে হলে তার আর কিছু বলার নেই। অন্যায় মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাকেই শ্রেয় মনে করছেন বলেও জানান তিনি।
পদায়নের কারণ প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে তাদের পদায়ন নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল। তিনি সেই সংবাদটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের একজন সিনিয়র কর্মকর্তা এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি তার জবাব দেন। পরবর্তী সময়ে শেয়ার করা সংবাদটি মুছে ফেললেও তাকে সংযুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
রেজাউল করিম বলেন, ‘এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন। ভালো থাকুক বাংলাদেশ পুলিশ, ভালো থাকুক সেই সব তথাকথিত ভালো অফিসাররা।’
উল্লেখ্য, মো. রেজাউল করিম ২৯তম বিসিএসের মাধ্যমে ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।