নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট মানবিক বিপর্যয়ে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ১২ দলীয় জোট। একই সঙ্গে যেকোনো মানবিক বিপর্যয়ে নেপালের সরকার ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জোটের নেতৃবৃন্দ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে জোটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেপালের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জোট নেতৃবৃন্দ নেপালের সাম্প্রতিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও মানবিক বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেন এবং নেপালের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নেতৃবৃন্দ নেপালের এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের পাশে থাকার এবং ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগকে প্রশংসা করেন। তারা বলেন, মানবিক বিপর্যয় কোনো দেশের একার বিষয় নয়। যেকোনো সংকট ও দুর্যোগে মানবতার স্বার্থে নেপালের সরকার ও জনগণের পাশে থাকতে চায় ১২ দলীয় জোট।
এদিকে আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের উদ্যোগে ‘জুলাই জাগরণ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জরুরি সভায় ওই অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে জোটের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভা শেষে দেশ, জাতি ও নেপালের বন্যাকবলিত মানুষের কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে জরুরি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার; জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম; বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ; ইসলামিক পার্টি বাংলাদেশের মহাসচিব আবুল কাসেম; ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন; ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম; বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম এ বাশার; প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।