দেশ পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজ থেকেই সবাই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি মানুষের সঙ্গে সম্পৃক্ত। গত কয়েক দশকে রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট, বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানা ধরনের আবর্জনা যত্রতত্র ফেলে রাখার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।

ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং সঠিক উপায়ে তা অপসারণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ হেঁটে বা গণপরিবহনে চলাচল করেন। রাস্তায় ছড়িয়ে থাকা আবর্জনা মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করে, দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ দূষিত করে। সবাই যদি নিজ নিজ ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলেন এবং তা যথাযথভাবে অপসারণ করা হয়, তাহলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব।

নিজের ঘরের উদাহরণ দিয়ে তিনি বলেন, কেউই চান না নিজের বাসার চারপাশ নোংরা থাকুক। তাহলে দেশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার। তিনি কবিতার ভাষা স্মরণ করে বলেন, সবুজ ও শস্য-শ্যামল বাংলাদেশকে সুন্দর রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক পুকুর ও জলাশয়ে আবর্জনার স্তূপ চোখে পড়েছে। অথচ একসময় এসব জায়গায় মানুষ পরিবার-পরিজন নিয়ে সময় কাটাত। তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করার পরও অনেক জায়গা দ্রুত আবার নোংরা হয়ে যায়, যা সচেতনতার অভাবেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, প্রত্যেকে যদি নিজের ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলেন, তাহলে ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনামুক্ত করা সম্ভব হবে এবং একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠবে।

দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশটা আমাদের সকলের। আমরা সবাই মিলে চেষ্টা করলে বড় পরিবর্তন সম্ভব। সেই সহযোগিতাই আমি দেশবাসীর কাছে চাই।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত