দেশের উন্নয়নে মানসম্মত শিক্ষাব্যবস্থার ওপর জোর অর্থমন্ত্রীর

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থাকে বাস্তবজীবন ও কর্মক্ষেত্রের প্রয়োজনের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবজীবনের সঙ্গে যুক্ত করতে হবে। দেশ ও দেশের বাইরের কর্মবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য নিড-বেইজড বা প্রয়োজনভিত্তিক শিক্ষা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর যেন প্রয়োজন অনুযায়ী ক্রেডিট ট্রান্সফার করতে পারে, সেই সুযোগও তৈরি করতে হবে। তাঁর মতে, একটি মানসম্মত ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য ছাড়াও নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয়। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, শিক্ষার মান ও জবাবদিহি এবং বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক ও সুশাসিত প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষ ও কর্মবাজারের উপযোগী গ্র্যাজুয়েট তৈরির সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত