ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে পরিস্থিতির মধ্যে সরকার দায়িত্ব নিয়েছে, সেখানে জনগণের প্রত্যাশা, আইনের শাসন ও আইনশৃঙ্খলা—সব বিষয় একসঙ্গে বিবেচনায় নিতে হয়েছে। সে সময় পুলিশসহ বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর মনোবল ও কর্মপরিবেশও নাজুক ছিল।
গত ছয় মাসে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে দাবি করে তিনি বলেন, বাহিনীগুলোর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করার মানসিকতা তৈরির উদ্যোগ একসঙ্গে চলছে। তাঁর দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর অপরাধের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনছে।
রংপুরে চার খুনের ঘটনার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ওই ঘটনাতেও সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। আলোচিত কিংবা অনালোচিত—সব ধরনের অপরাধের ক্ষেত্রেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এত অল্প সময়ে এর চেয়ে বেশি পরিবর্তন আশা করা ঠিক হবে না। তবে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করার লক্ষ্য রয়েছে।
তিনি জানান, অন্যান্য শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও আইন ও কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে জবাবদিহি ও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কার, সনদ ও স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।