জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে জনপ্রশাসনকে প্রকৃত অর্থেই জনসেবামুখী হতে হবে।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। বিগত ১৭ বছরে প্রশাসনের রাজনীতিকরণের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে বেরিয়ে এসে কর্মকর্তাদের জনগণের সেবায় নিবেদিত হতে হবে। নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন এবং মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ সূচকে ভুল তথ্য উপস্থাপনের কারণে নীতিনির্ধারণ বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত