গ্যাস সংকট কাটতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশে চলমান গ্যাস সংকট পুরোপুরি কাটতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর মতে, একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে গ্যাস খালাস ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।

সোমবার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ চলছে। তবে এটি সচল না হওয়া পর্যন্ত এলএনজি কার্গো খালাস সম্ভব হচ্ছে না। এর ফলে আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে গেছে এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রেও উৎপাদন ব্যাহত হচ্ছে।

মহেশখালীর টার্মিনালে আগুনের প্রভাব

কক্সবাজারের মহেশখালীতে আমদানিকৃত এলএনজি গ্যাসীকরণের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি পরিচালনা করে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি এবং অন্যটি পরিচালনা করে সামিট

গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লাগার পর থেকেই দেশে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য বিঘ্ন দেখা দেয়।

আমদানি নির্ভরতায় বাড়ছে চাপ

ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশকে এখন এলএনজি, এলপিজিসহ বিভিন্ন জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্যের কারণে এ খাতে ব্যয়ও বেড়েছে।

তিনি জানান, গত ছয় মাসে প্রায় ৩ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করতে হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

বিদ্যুৎ খাতে বড় অঙ্কের বকেয়া

বিদ্যুৎ খাতের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, আগের সরকারের সময় থেকে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রায় ৫৬ হাজার কোটি টাকার বিল বকেয়া রয়েছে। এসব বকেয়া পরিশোধে সরকারকে নিয়মিত ভর্তুকি দিতে হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানিতে জোর

সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, সরকার নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণ করেছে।

এই নীতির আওতায় আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, আগামী আগস্টের মধ্যেই দর-কষাকষি ও জমি বরাদ্দের প্রক্রিয়া শেষ করে প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত