সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: রিজভী
চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতিও উন্নত হবে।
মঙ্গলবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিএনপি সরকার দায়ী নয়। তাঁর দাবি, চলমান সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতিও ভূমিকা রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় জ্বালানি আমদানিতে সমস্যা তৈরি হয়েছে।
তিনি বলেন, জ্বালানি সরবরাহে নানা ধরনের বাধা থাকলেও সরকার সংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছে। এ জন্য জ্বালানি ও বিদ্যুৎ খাতের বরাদ্দের বাইরে অতিরিক্ত অর্থ ব্যয় করা হচ্ছে বলেও জানান তিনি।
সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে রিজভী জানান, মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ)-এর কারিগরি ত্রুটি মেরামতের কাজ শেষ হয়েছে। বর্তমানে সেখানে গ্যাস পুনঃগ্যাসীকরণ বা রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ অনেকটাই স্বাভাবিক হবে। এর সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিও উন্নত হবে বলে তিনি মন্তব্য করেন।
রিজভী বলেন, সংকট কাটিয়ে ওঠার কিছু লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে বলেও দাবি করেন তিনি।