গণমাধ্যম স্বাধীনতা ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ সালের আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। সূচকে বাংলাদেশ ১৫২তম, পাকিস্তান ১৫৩তম এবং ভারত ১৫৭তম অবস্থানে রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ফেনী-২ আসনের সরকারি দলের সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমানের পক্ষে সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

ইয়াসির খান চৌধুরী বলেন, ২০২৬ সালের আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১৫২তম অবস্থানে রয়েছে। একই সূচকে পাকিস্তান ১৫৩তম এবং ভারত ১৫৭তম। অর্থাৎ সূচকের হিসাবে বাংলাদেশ প্রতিবেশী দুই দেশের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে।

তবে অন্য দেশের সঙ্গে তুলনা করে নয়, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেই একটি স্বাধীন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও পেশাদার গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত সক্ষমতা আরও জোরদার করতে একটি স্বাধীন ও শক্তিশালী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যম খাতকে আরও সুসংহত করতে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ যুগোপযোগী করার কাজ চলছে এবং সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান ইয়াসির খান চৌধুরী।

অপতথ্য, গুজব ও ভুয়া তথ্য মোকাবিলায় তথ্য যাচাই এবং জনসচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, নৈতিকতা ও জবাবদিহিতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে ভারসাম্য রেখে একটি শক্তিশালী, বহুমাত্রিক ও জনকল্যাণমুখী গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়। বরং গণমাধ্যমের স্বাধীন, নিরাপদ, দায়িত্বশীল ও পেশাদার বিকাশের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রধান উদ্দেশ্য।

বিষয়:

গণমাধ্যম
এলাকার খবর

সম্পর্কিত