গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তিনি বলেন, গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুসংহত হবে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্র শুধু নির্বাচনকেন্দ্রিক একটি ব্যবস্থা নয়; এটি একটি চলমান সংস্কৃতি। তাই ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকার, গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী না করলে গণতন্ত্রও দীর্ঘমেয়াদে টেকসই হবে না। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। কোনো ধরনের আত্মনিয়ন্ত্রণ বা অযৌক্তিক সেন্সরশিপ ছাড়াই পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মির্জা ফখরুল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। তাঁর মতে, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা বাড়াতে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের বিকল্প নেই।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সামনে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সরকার ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সরকার, গণমাধ্যমের মালিকপক্ষ এবং বিজ্ঞাপনদাতাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠিত হলে সংবাদমাধ্যম আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।

টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত