ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫-এর ধারা ৭(১) অনুযায়ী তাঁকে আগামী তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. সব্বির মোস্তফা খান বুয়েটের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে তিনি পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।
বর্তমানে তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর নিয়োগের মাধ্যমে রাজধানীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার উন্নয়ন এবং অবকাঠামোগত সেবার কার্যকারিতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।